# Tags

দৌলতপুরে এক প্রবাসী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে চম্পা খাতুন (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ ঘরের ভেতরে আড়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত চম্পা খাতুন ওই এলাকার সাবেক ইউপি সদস্য আজগর আলীর ছেলে আনসার আলীর স্ত্রী। আনসার আলী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করায় চম্পা খাতুন বাড়িতে একাই থাকতেন। তাদের এক সন্তান রয়েছে, যে বাইরে পড়ালেখা করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে গ্রামের কবরস্থান পাড়ায় একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিল শেষে চম্পা খাতুন বাড়িতে ফিরে রাত আনুমানিক ১০টার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।

খবর পেয়ে দুপুর আনুমানিক ১২টার দিকে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চম্পা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।